Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

জেমস কনসার্টকে ঘিরে প্রাণহানির গুজব, যা বলছে ফরিদপুর জেলা পুলিশ

Published on December 28, 2025 by admin

জেমস কনসার্টকে ঘিরে প্রাণহানির গুজব, যা বলছে ফরিদপুর জেলা পুলিশ

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণহানির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে নিশ্চিত করেছে ফরিদপুর জেলা পুলিশ।

জেলা পুলিশ ও আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বর রাতে আয়োজিত অনুষ্ঠানে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ফেসবুক পেজ, আইডি ও বিভ্রান্তিকর রিল ভিডিওতে ‘কমপক্ষে পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে’, এমন দাবি সম্পূর্ণ বানোয়াট।

যেভাবে গুজব ছড়ানো হচ্ছে

পুলিশ জানায়, ‘Devdulal Guha Nipun’ নামের একটি ফেসবুক পেজ এবং ‘দেব দুলাল গুহ… দেবু ফরিদী’ নামের একটি ফেসবুক আইডিসহ কয়েকটি রিল ভিডিওর মাধ্যমে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

জনস্বার্থে সংশ্লিষ্ট লিংকগুলো ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে।

বাস্তবে যা ঘটেছিল

অনুষ্ঠানের সমাপনী দিনে জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের (নগর বাউল) কনসার্ট দেখতে প্রায় ৮ থেকে ১০ হাজার অনিবন্ধিত বহিরাগত দর্শক দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভেতরে ঢুকতে ব্যর্থ হয়ে একটি অংশ মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে ওঠে। এতে জিলা স্কুলের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অনুষ্ঠান স্থগিত

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় রাত ৯টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়। এ ঘটনায় কিছু চেয়ার ভাঙচুর হয় এবং ১০ থেকে ১২ জন সামান্য আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

গুজব রোধে পুলিশের সতর্কতা

ফরিদপুর জেলা পুলিশ জানায়, গুজব ছড়ানো একটি গুরুতর সাইবার অপরাধ।

যাচাই ছাড়া কোনো পোস্ট, ভিডিও বা তথ্য শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

জনসাধারণের প্রতি অনুরোধ

ফরিদপুর জেলা পুলিশ জনসাধারণকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম ও পুলিশের অফিসিয়াল পেজ অনুসরণ করার অনুরোধ করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।

ফরিদপুর জেলা পুলিশ গুজব প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এএটি