Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

মাইলফলকের পর সেঞ্চুরিতে প্রত্যাবর্তন রাঙালেন কোহলি

Published on December 24, 2025 by admin

দূরত্বটা দীর্ঘ হলেও প্রত্যাবর্তনটা কিভাবে করতে হয় তা ভালো করেই জানেন বিরাট কোহলি। প্রত্যাবর্তনের গল্পটা তার থেকে আর কে বা ভালো লিখতে পারেন।

দীর্ঘ প্রায় ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রত্যাবর্তনটা রাজকীয়ভাবে রাঙালেন কোহলি। দারুণ এক সেঞ্চুরিতে।

অন্ধ্র প্রদেশের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন দিল্লির ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেট তার ৫৮তম সেঞ্চুরি। ১৩১ রানের ইনিংস খেলার পথে দিল্লিকে সহজ জয় এনে দিয়েছেন ভারতীয় কিংবদন্তি। অন্ধ্র প্রদেশের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য ৭৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি।

কোহলি তার ১০১ বলের ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কা ও ১৪ চারে। জয়ে তার সঙ্গে অবদান রেখেছেন প্রিয়ানশ আর্য (৭৪) ও নিতিশ রানা (৭৭)। তাদের দারুণ পারফরম্যান্সের সামনে ভেস্তে গেছে অন্ধ্র প্রদেশের সেঞ্চুরিয়ান রিকি ভুঁইয়ের ১২২ রানের ইনিংস। কোহলির আগে ১৫৫ রানের ইনিংস খেলে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন রাঙিয়েছেন রোহিত শর্মা।

মুম্বাইয়ের হয়ে ৯৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯ ছক্কা ও ১৮ চারে।
এই সেঞ্চুরিতে যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিন অংক স্পর্শ করতে না পারার ঝালই মেটালেন কোহলি। বিশাখাপত্তনমে ৬৫ রানে অপরাজিত থাকার সময় ভারত ৯ উইকেটের জয় পায়। তাতে হ্যাটট্রিক সেঞ্চুরি করা হয় না রান মেশিন খ্যাত ব্যাটারের। তার আগের দুই ইনিংসে করেন ১০২ ও ১৩৫ রান।

লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সর্বশেষ পাঁচ ইনিংস হচ্ছে—১৩১, ৬৫*, ১০২, ১৩৫ ও ৭৪*।

সেঞ্চুরিতে প্রত্যাবর্তন রাঙানোর আগে ১ রান নিয়ে বিশেষ এক মাইলফলকও অর্জন করেছেন কোহলি। শচীন টেন্ডুলকারের (২১,৯৯৯) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ৩৮ বছর বয়সী ব্যাটার। ১৬,১৩০ রান করা ভারতের সাবেক অধিনায়ক বর্তমানে বিশ্ব তালিকায় আছেন ৯ নম্বরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় চূড়া আছেন গ্রাহাম গুচ (২২,২১১)। তার পরে যথাক্রমে আছেন—হিক (২২,০৫৯ রান), শচীন (২১,৯৯৯), কুমার সাঙ্গাকারা (১৯,৪৫৬), ভিভ রিচার্ডস (১৬,৯৯৫), রিকি পন্টিং (১৬,৩৬৩), গর্ডন গ্রিনিজ (১৬,৩৪৯), সনাৎ জয়াসুরিয়া (১৬,১২৮) ও কোহলি (১৬,১৩০)।