Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ধোনির শেষ আইপিএল? যে ইঙ্গিত দিলেন উথাপ্পা

Published on December 17, 2025 by admin

আইপিএল ২০২৬ মৌসুমের পর মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে, এমনটাই মনে করছেন সাবেক ভারত ও চেন্নাই সুপার কিংসের ব্যাটার রবিন উথাপ্পা। তার মতে, ৪৪ বছর বয়সী এই তারকার ভবিষ্যৎ নিয়ে আর কোনো জল্পনা নেই; আসন্ন মৌসুমটিই হতে যাচ্ছে ধোনির শেষ আইপিএল।

জিওহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে উথাপ্পা বলেন, ‘লেখাটা এখন স্পষ্টভাবেই দেয়ালে লেখা। এটাই এমএস ধোনির শেষ মৌসুম।

তিনি আর খেলবেন কি না, এই প্রশ্নের আর জায়গা নেই।’
চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক দলগঠন কৌশলও ধোনির বিদায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন উথাপ্পা। অভিজ্ঞ তারকাদের বদলে আনক্যাপড তরুণদের ওপর বড় অঙ্কের বিনিয়োগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল ২০২৬ মিনি-নিলামে সিএসকে ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার প্রশান্ত বীর এবং ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার কার্তিক শর্মাকে ১৪.২ কোটি রুপি করে কিনে নেয়, যারা নিলামের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে দামী আনক্যাপড ভারতীয় খেলোয়াড়।

উথাপ্পার ভাষায়, ‘তারা এখন প্রতিভা খুঁজছে, গড়ে তুলছে এবং দীর্ঘমেয়াদে ধরে রাখার চেষ্টা করছে। এটা পরিষ্কার যে ধোনি ধীরে ধীরে খেলোয়াড় থেকে মেন্টরের ভূমিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’

আইপিএল ২০২৫ মৌসুমে ধোনিকে ধরে রেখেছিল সিএসকে। ওই মৌসুমে তিনি উইকেটকিপার ও লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে অবদান রাখেন।

রুতুরাজ গায়কোয়াড় চোটে পড়লে মাঝপথে আবার অধিনায়কত্বও সামলান ধোনি।
রাজস্থান রয়্যালস থেকে ট্রেড হয়ে সঞ্জু স্যামসন দলে যোগ দেওয়ায় উথাপ্পার বিশ্বাস, ধোনির মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়া প্রায় নিশ্চিত। তিনি বলেন, ‘ধোনি না খেললেও তিনি সিএসকের সঙ্গে থাকবেন। আমার মনে হয় এ মৌসুমে তিনি মেন্টর-কাম-খেলোয়াড় হিসেবেই কাজ করবেন।’

উল্লেখ্য, গত পাঁচ মৌসুম ধরেই ধোনির অবসর নিয়ে আলোচনা চলছে।

২০২৩ সালে শিরোপা জেতানোর পরই তার বিদায় প্রত্যাশিত ছিল। তবে ভক্তদের অকুণ্ঠ ভালোবাসা এবং একটি নিখুঁত বিদায়ের অপেক্ষায় আরো কিছুদিন মাঠে থেকেছেন ‘ক্যাপ্টেন কুল’।
সব মিলিয়ে, আইপিএল ২০২৬ হতে পারে এমএস ধোনির শেষ অধ্যায়। যার পর নতুন ভূমিকায়, মেন্টর হিসেবে চেন্নাই সুপার কিংসের সঙ্গেই দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।